সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:৪৬ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২১টিতেই শিবির-সমর্থিত প্যানেল জয়লাভ করলেও, শীর্ষ পদে স্বতন্ত্র প্রার্থী জিতুর জয়লাভ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
কে এই আবদুর রশিদ জিতু?
আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন'-এর আহ্বায়ক হিসেবে পরিচিত। জুলাই অভ্যুত্থানের প্রথম থেকেই তিনি সক্রিয় ছিলেন এবং গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে পরিচালিত সব আন্দোলনের প্রথম সারিতে তাকে দেখা গেছে। মূলত জুলাই আন্দোলন থেকেই তার জনপ্রিয়তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে আন্দোলনের সময় তিনি সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। এরপর আরিফ সোহেল আটক হলে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে 'ফার্স্ট ম্যান' হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
জাকসু নির্বাচনে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী নির্বাচন বর্জন করলেও, জিতু শেষ পর্যন্ত লড়াইয়ে থেকে জয়লাভ করেন। প্রায় ৬৮ শতাংশ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচন ম্যানুয়ালি গণনা করার কারণে ফলাফল প্রকাশে অনেকটা সময় লাগে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন