সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৪৭ পিএম
৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়ে ফল ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে যখন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন, তখন এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্র 'হিজাব' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেট ভবন।
মেঘলার পরিচয় ও ভোটের ফলাফল:
ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়ে এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট এবং ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট।
আয়েশা সিদ্দিকা মেঘলা ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী (৪৮ ব্যাচ)। তিনি ফজিলতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও জাবির ধর্ষণ বিরোধী মঞ্চের সাবেক সদস্য ছিলেন।
অন্যান্য পদের ফলাফল:
-
ভিপি (সহ-সভাপতি): স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ (জিতু) ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ভোট।
-
জিএস (সাধারণ সম্পাদক): ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়ী হয়ে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে। এছাড়া ভিপি পদ, দুটি বাগছাস সমর্থিত পদ এবং দুটি স্বতন্ত্র পদে অন্য প্রার্থীরা জয়লাভ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন