বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিদেশি পণ্য বর্জনের ডাক দিলেন মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৩৫ পিএম

বিদেশি পণ্য বর্জনের ডাক দিলেন মোদি

ছবি - সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের প্রতি বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি দোকানদারদেরও দেশীয় পণ্য বিক্রির ওপর মনোযোগ দিতে বলেছেন। রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান।

এই আহ্বান এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই মোদি 'স্বদেশী' বা ভারতে তৈরি পণ্যের ওপর জোর দিয়ে আসছেন।

তার সমর্থকেরা এরই মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছেন।মোদি তার ভাষণে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, "আমরা প্রতিদিন যে অনেক পণ্য ব্যবহার করি, সেগুলো বিদেশি তৈরি, আমরা আসলে জানিই না যে এগুলো আমাদের দেশের না।

এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতে তৈরি পণ্য কেনা।"তিনি আরও বলেন, দেশীয় পণ্য কেনার ওপর জোর দিলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। ভারতের ১৪০ কোটি মানুষের বিশাল বাজার বহু বছর ধরে মার্কিন ভোক্তা পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

এই উত্তেজনার মধ্যেই ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় কূটনীতিকরা মনে করছেন, এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করবে।