অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৪ পিএম
ভারতের ওড়িশা রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্যের গজপতি, রায়াগাদা এবং কোরাপুট জেলায় ভূমিধস, জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।নিহতরা হলেন গজপতি জেলার বাসতিগুড়া গ্রামের ত্রিনাথ নায়েক এবং মেরিপল্লী গ্রামের লক্ষণ নায়েক। জেলা প্রশাসক এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রতিজনকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির জন্য রাজ্যের বাণিজ্য ও পরিবহন মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দিয়েছেন।গজপতির পুলিশ সুপার জতীন্দ্র কুমার পান্ডা জানিয়েছেন, রাতে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে একজন এবং আজ সকালে আরও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে।এদিকে, এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও দুজন। রায়াগাদা ব্লকে ভূমিধসের পর থেকে ৭০ বছর বয়সী কার্তিকা শাবারা ও তার ছেলে রাজীব শাবারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে এখনো অভিযান চলছে।
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) ওড়িশার বেশ কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় 'রেড অ্যালার্ট' জারি করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, আগাম পদক্ষেপ নেওয়ার কারণেই প্রাণহানি আরও বেশি হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে। কর্তৃপক্ষ এখনো উদ্ধারকাজ ও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন