সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৬:১৩ পিএম

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় 'বোমাবর্ষণ বন্ধ' করার আহ্বান জানানোর পরও ইসরায়েল সেখানে তীব্র হামলা চালিয়েছে, যাতে ৭ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই হামলায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন এবং ২৬৫ জন আহত হয়েছেন।ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলের হামলা চালানো আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েলি বন্দিকে মুক্ত করতে সম্মত হয়েছে।এই ইতিবাচক প্রতিক্রিয়ার পরই ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন। কিন্তু হামাসের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল।

যদিও ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে কিছু বলা হয়নি, তবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক বলে জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৭,০৭৪ জনে দাঁড়িয়েছে এবং ১,৬৯,৪৩০ জন আহত হয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধারণা করা হচ্ছে, গাজাজুড়ে বিস্ফোরিত ভবনের বিশাল ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে।