অক্টোবর ৫, ২০২৫, ১১:০৮ এএম
গাজায় ইসরায়েলি বিমান হামলায় শনিবার নতুন করে আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রেখেছে বলে জানিয়েছে হামাস।
রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজার গণমাধ্যম কার্যালয় অনুসারে, ইসরায়েলি বাহিনী শনিবার ২৪ ঘণ্টায় অঞ্চলটি জুড়ে ৯৩টি বিমান হামলা চালায়। এতে ৭০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় গাজা সিটিতে, যেখানে একাই ৪৭ জন প্রাণ হারান। এই নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে।
এই হামলার প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে বলেছে, নিরীহ বেসামরিকদের ওপর চালানো এই রক্তক্ষয়ী হামলা প্রমাণ করে যে, নেতানিয়াহু সরকার সামরিক অভিযান কমানোর যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা।
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোর প্রতি তাদের আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। তারা ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা, ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং প্রায় দুই বছর ধরে চলা "গণহত্যা ও গণঅনাহার" বন্ধ করতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন