অক্টোবর ৬, ২০২৫, ১১:০৮ পিএম
প্রায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা গাজায় সামান্য আশার সঞ্চার করলেও, তা দ্রুতই হতাশায় পরিণত হচ্ছে। হামাস এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সাধারণ ফিলিস্তিনিরা এটিকে ‘প্রতিশ্রুতির ফাঁদ’ হিসেবেই দেখছেন। শান্তি আলোচনার মধ্যেই গত তিন দিনে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ায় এই সংশয় আরও ঘনীভূত হয়েছে।
গাজার বাসিন্দা ৪৪ বছর বয়সী মোহাম্মদ আবু দাহরুজ বলেন, “আমি ভেবেছিলাম যুদ্ধ থামবে। কিন্তু হামাসের ইতিবাচক সাড়া দেওয়ার পরদিনই ইসরায়েল ৭০ জনকে হত্যা করল। ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েলের এই আচরণই ভবিষ্যতের দিকনির্দেশ করে।”অনেকেই মনে করছেন, এই পরিকল্পনার আড়ালে ফিলিস্তিনিদের নিরস্ত্র করে গাজাকে আন্তর্জাতিক বাহিনীর শাসনে আনার ষড়যন্ত্র রয়েছে।
৩৭ বছর বয়সী আব্দুর রহমান আবু ওয়ারদা ব্যঙ্গ করে বলেন, “টনি ব্লেয়ার প্রশাসক, আন্তর্জাতিক বাহিনী, সাহায্য—এ সবই মিথ্যা প্রতিশ্রুতি। আমরা শুধু আমাদের জীবনের নিরাপত্তা চাই।”যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছে সাত সন্তানের মা সানা আল-আবেদের কথায়। তিনি বলেন, “আমরা আর কিছুই বিশ্বাস করি না। প্রতিবারই আমাদের আশার পরিণতি হয় ধ্বংস। দুই বছর ধরে রাস্তায় আছি। শীত আসছে, আমাদের কাছে কম্বল নেই, তাঁবু নেই।”
গত দুই বছরের সংঘাতে গাজাবাসী তাদের সর্বস্ব হারিয়েছে। ডা. আবু দাহরুজ, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করতেন, এখন নিজের সন্তানদেরই খাবার জোগাড় করতে পারছেন না। গত বছর ইসরায়েলি হামলায় তিনি তার তিন সন্তানকে হারিয়েছেন। ৭২ বছর বয়সী সুলায়মান বাখিত তিন মাস আগে হারিয়েছেন তার মেয়ে বুশরাকে, যখন তিনি খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, “দুই বছর ধরে আমরা নরকের মধ্যে বেঁচে আছি। বিশ্ব শুধু আলোচনা করছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।”
যুদ্ধবিরতির কাগজে ইসরায়েল সই করলেও বোমা হামলা থামবে না—এমনটাই বিশ্বাস অধিকাংশ গাজাবাসীর। তবুও ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কেউ কেউ এখনো স্বপ্ন দেখেন। আবু ওয়ারদা বলেন, “আমি বিশ্বাস করি, যুদ্ধ একদিন থামবে এবং আমরা আবার গড়ে তুলব সবকিছু, যা হারিয়েছি।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন