রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় অমানবিক ধ্বংসযজ্ঞ বন্ধের আহ্বান জানাল ভ্যাটিকান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১১:২৩ এএম

গাজায় অমানবিক ধ্বংসযজ্ঞ বন্ধের আহ্বান জানাল ভ্যাটিকান

ছবি - সংগৃহীত

গাজা যুদ্ধের দুই বছর পূর্তির প্রাক্কালে উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ‘অমানবিক ও অযৌক্তিক’ বলে তীব্র নিন্দা জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি পোপ হিসেবে পরিচিত কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন এই ধ্বংসযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু বিবৃতি না দিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্ডিনাল প্যারোলিন বলেন, ইসরায়েলের সামরিক অভিযান গাজার বেসামরিক নাগরিকদের জন্য এক ‘বিপর্যয়কর ও অমানবিক পরিণতি’ ডেকে এনেছে। তিনি বলেন, “হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই শিশু, তাদের একমাত্র অপরাধ হলো তারা সেখানে জন্মগ্রহণ করেছে। মানুষকে এভাবে শিকারে পরিণত করা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।”

তিনি চলমান হত্যাকাণ্ডে বিশ্ববাসী যেন অভ্যস্ত না হয়ে পড়ে, সে বিষয়ে সতর্ক করে দেন এবং বেসামরিক নাগরিক হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

কার্ডিনাল প্যারোলিন হামাসের হাতে আটক সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এই সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর পুনরায় জোর দেন। তিনি ক্ষমতাধর রাষ্ট্রগুলোর যুদ্ধ বন্ধে ব্যর্থতার সমালোচনা করে বলেন, “যা ঘটছে তা অগ্রহণযোগ্য বলে চুপ করে থাকা যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছিলেন।