বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ইসরায়েলিদের হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তানি জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৮:০২ পিএম

ইসরায়েলিদের হাত থেকে মুক্তি পেলেন পাকিস্তানি জামায়াত নেতা

ছবি - সংগৃহীত

গাজাগামী ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হওয়া পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর মুশতাক আহমদ খান মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে তিনি নিরাপদে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

গত সপ্তাহে গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী ৪৫টি জাহাজের এই ত্রাণবহরটি আটক করে এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের শতাধিক অধিকারকর্মীকে গ্রেপ্তার করে। মুশতাক আহমদ খান এই বহরে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।

মুক্তি পাওয়ার পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় মুশতাক আহমদ খান তার বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “অবশেষে আমি আমার ১৫০ জন সহযাত্রীসহ ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্ত হয়েছি। আমাদের হাত পেছন দিকে বাঁধা ছিল, পায়ে শিকল পরানো ছিল এবং চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয় এবং বন্দুক তাক করে নৃশংসভাবে নির্যাতন করা হয়।”

তবে তিনি আরও বলেন, “ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে আমাদের এই লড়াই শেষ হয়নি।” তার মুক্তির খবরে পাকিস্তানসহ মুসলিম বিশ্বে স্বস্তি ফিরে এসেছে।