বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

গাজা যুদ্ধ বন্ধের ‘প্রকৃত নিশ্চয়তা’ চায় হামাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:৩৩ এএম

গাজা যুদ্ধ বন্ধের ‘প্রকৃত নিশ্চয়তা’ চায় হামাস

ছবি - সংগৃহীত

মিসরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাস গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং উপত্যকাটি থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুস্পষ্ট নিশ্চয়তা দাবি করেছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা শেষে হামাসের পক্ষ থেকে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।

আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে এই আলোচনা চললেও হামাস ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না। হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হায়া বলেছেন, “হামাস এক সেকেন্ডের জন্যও দখলদারদের বিশ্বাস করে না।” তিনি বলেন, অতীতে ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাই এবার তারা যুদ্ধ পুনরায় শুরু হবে না—এই মর্মে ‘প্রকৃত নিশ্চয়তা’ বা গ্যারান্টি চায়।

আলোচনা সম্পর্কে অবগত একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামাসের প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং সর্বশেষ ইসরায়েলি সেনা গাজা ত্যাগ করার পরই শেষ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তবে ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার যে শর্ত রয়েছে, তা ফিলিস্তিনি গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গাজা যুদ্ধের দুই বছর পূর্তিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর ‘প্রকৃত সম্ভাবনা’ রয়েছে। আজ বুধবার তৃতীয় দিনের আলোচনায় যোগ দিতে কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা মিশরে পৌঁছেছেন, যা এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।