রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে ভূমিধসে বাস চাপা ১৮ যাত্রী নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:৪৭ এএম

ভারতে ভূমিধসে বাস চাপা ১৮ যাত্রী নিহত

ছবি - সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে একটি চলন্ত বাস চাপা পড়ে নারী-শিশুসহ কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায়। হরিয়ানা থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি বিলাসপুরের ঘুমারউইনের দিকে যাচ্ছিল। এ সময় প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎই পাহাড় থেকে বড় বড় পাথর ধসে এসে চলন্ত বাসটির ওপর পড়ে, ফলে বাসটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ এবং দুর্যোগ ত্রাণ দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। পাথরের আকার অনেক বড় হওয়ায় এক্সকাভেটর বা খননযন্ত্র দিয়ে বাসের ছাদ কেটে যাত্রীদের বের করে আনতে হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।