অক্টোবর ৮, ২০২৫, ০৭:০৯ পিএম
রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানী এমন এক আণবিক কাঠামো তৈরি করেছেন, যা আগামী দিনে বিশ্বের সবচেয়ে বড় কিছু সমস্যা সমাধানে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ (MOFs) বা ধাতব-জৈব কাঠামো নিয়ে তাদের যুগান্তকারী গবেষণার জন্য।
বুধবার (৮ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা দেয়। কিন্তু কী এই মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ?নোবেল কমিটি এটিকে ‘আণবিক স্থাপত্য’ বা মলিকিউলার আর্কিটেকচার বলে অভিহিত করেছে। সহজ ভাষায়, এই বিজ্ঞানীরা ধাতব আয়ন (যা খুঁটির মতো কাজ করে) এবং লম্বা জৈব অণু (যা সংযোগকারী বা লিঙ্কার হিসেবে কাজ করে) ব্যবহার করে এক ধরনের স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করেছেন।
এই কাঠামোর ভেতরে রয়েছে বিশাল বিশাল ছিদ্র বা গহ্বর।এই ছিদ্রযুক্ত আণবিক কাঠামোগুলোর বিশেষত্ব হলো, এদের নকশা পরিবর্তন করে নির্দিষ্ট কোনো গ্যাস বা রাসায়নিক পদার্থকে আকর্ষণ, ধারণ বা নিঃসরণ করানো যায়। নোবেল কমিটি রসিকতা করে একে ‘হ্যারি পটারের হারমিওনির ব্যাগ’-এর সঙ্গে তুলনা করেছে, যা বাইরে থেকে দেখতে ছোট হলেও ভেতরে বিশাল পরিমাণ জিনিস রাখতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন