সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীয় নাম ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৩:১২ পিএম

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীয় নাম ঘোষণা

ছবি - সংগৃহীত

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাডো। স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত ও সাহসী সংগ্রামের স্বীকৃতি হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এই সম্মাননা প্রদান করেছে।শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে বাংলাদেশ সময় দুপুর ৩টায় বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার অক্লান্ত সংগ্রামের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।” কমিটি তাকে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার এক অসাধারণ উদাহরণ হিসেবে অভিহিত করেছে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল, বিশেষ করে গাজা যুদ্ধবিরতিতে তার ভূমিকার জন্য। কিন্তু নোবেল কমিটি জানিয়েছে, বিজয়ীর নাম এই যুদ্ধবিরতি চুক্তির আগেই চূড়ান্ত করা হয়েছিল।

মারিয়া কোরিনা মাচাডো ভেনিজুয়েলার বিভক্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবনের ঝুঁকি নিয়েও স্বদেশের মাটিতে থেকে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, গত বছর (২০২৪) এই পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকিয়ো’। নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ী একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) পাবেন।