সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাডো

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৩:৪২ পিএম

যে কারণে শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাডো

ছবি - সংগৃহীত

ভেনিজুয়েলায় স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবিচল সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাডো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও ন্যায্য উত্তরণের জন্য মারিয়া কোরিনা মাচাডোর অক্লান্ত সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হলো।”

কমিটি আরও জানায়, বছরের পর বছর ধরে হুমকি, নিপীড়ন এবং রাজনৈতিকভাবে নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার পরও মাচাডো তার অহিংস সংগ্রাম থেকে সরে আসেননি। তিনি দেশটির বিভক্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একজন প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এবং তার “অসাধারণ বেসামরিক সাহসিকতা” লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।

মারিয়া কোরিনা মাচাডো একজন প্রকৌশলী, যিনি ২০০০-এর দশকের শুরুতে রাজনীতিতে প্রবেশ করেন এবং সাবেক প্রেসিডেন্ট উগো চাবেজ ও তার উত্তরসূরি নিকোলাস মাদুরোর সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৩ সালে তিনি বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন, কিন্তু দেশটির সরকার তাকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করে।

তা সত্ত্বেও, তিনি হাল ছাড়েননি এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার প্রচারণা অব্যাহত রেখেছেন।তার এই নোবেল জয়কে বিশ্বজুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকামীদের সংগ্রামের একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।