অক্টোবর ১০, ২০২৫, ০৮:১৮ পিএম
ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের নয়টি কোম্পানি এবং আটজন নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরের (ট্রেজারি ডিপার্টমেন্ট) পক্ষ থেকে পৃথকভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।মার্কিন সরকারের অভিযোগ, নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যাল কেনা-বেচা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল, যা মার্কিন আইন অনুযায়ী নিষিদ্ধ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। এই সংস্থাগুলো গত কয়েক বছরে ইরান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল আমদানি করেছে বলে অভিযোগ করা হয়েছে।
একই সঙ্গে মার্কিন অর্থ দপ্তরের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) আরও তিনজন ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা হলেন—বরুণ পুলা, আয়াপ্পান রাজা এবং সোনিয়া শ্রেষ্ঠা। তাদের বিরুদ্ধে ইরানের তেল ও গ্যাস পরিবহনকারী জাহাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন