সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৪:২৮ পিএম

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

ছবি - সংগৃহীত

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি  নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিন অর্থনীতিবিদ—যুক্তরাষ্ট্রের জোয়েল মোকির, ফ্রান্সের ফিলিপ অ্যাজিওন এবং কানাডার পিটার হাওইট।সোমবার (১৩ অক্টোবর) সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হলো।

নোবেল কমিটি জানিয়েছে, পুরস্কারের অর্ধেক পাচ্ছেন অধ্যাপক জোয়েল মোকির “প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য”। বাকি অর্ধেক যৌথভাবে পাচ্ছেন অধ্যাপক ফিলিপ অ্যাজিওন এবং অধ্যাপক পিটার হাওইট “সৃজনশীল ধ্বংসেরমাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব” প্রদানের জন্য।তাদের গবেষণা ব্যাখ্যা করে, কীভাবে নতুন উদ্ভাবন পুরোনো প্রযুক্তি ও ব্যবসাকে ধ্বংস করে অর্থনীতির চাকাকে সচল রাখে এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করে।

অধ্যাপক মোকির তার ঐতিহাসিক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন, উদ্ভাবনের জন্য শুধু প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট নয়, এর জন্য সামাজিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশও প্রয়োজন। অন্যদিকে, অধ্যাপক অ্যাজিওন ও হাওইট ‘সৃজনশীল ধ্বংস’ প্রক্রিয়ার একটি গাণিতিক মডেল তৈরি করেছেন, যা আধুনিক অর্থনীতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ীরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) ভাগ করে নেবেন।