অক্টোবর ২২, ২০২৫, ১২:৫৪ পিএম
ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কোনো বিকল্প নেই এবং এই লক্ষ্য অর্জনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার কুয়েত সফরে গিয়ে দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই জোরালো আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে যখন গাজা পরিস্থিতি নিয়ে ব্যাপক উত্তেজনা ও মানবিক উদ্বেগ চলছে, ঠিক সেই সময়ে তুর্কি প্রেসিডেন্টের এই সফর ও মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে গভীর আলোচনা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, বৈঠকের মূল আলোচনায় গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন সংকট প্রাধান্য পায়।
প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত’ যুদ্ধবিরতিটি যে কোনো মূল্যে বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানান, ফিলিস্তিন ভূখণ্ডে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। এই সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই মুসলিম বিশ্বের দেশগুলোকে সব ধরনের ভেদাভেদ ভুলে একসুরে কথা বলতে হবে এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
গাজা সংকটের পাশাপাশি বৈঠকে সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়েও কথা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়ে তুরস্কের যে দৃঢ় সংকল্প রয়েছে, তা কুয়েতের আমিরকে অবহিত করেন। তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে একযোগে কাজ করার ওপর জোর দেন।
বৈঠকে তুরস্ক ও কুয়েতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য এবং বিশেষ করে প্রতিরক্ষা শিল্পের মতো খাতগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েত যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তার জন্য তুর্কি প্রেসিডেন্ট দেশটির আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বৈঠকের ফলস্বরূপ, প্রেসিডেন্ট এরদোয়ান ও শেখ মেশালের উপস্থিতিতে তুরস্ক ও কুয়েতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের ভাতৃপ্রতিম সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন