অক্টোবর ২২, ২০২৫, ০৬:০০ পিএম
আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহারের মাধ্যমে দুই দশকব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটেছে ২০২১ সালে। এই যুদ্ধের দীর্ঘ ছায়া দেশ দুটির বর্তমান সম্পর্কের ওপর গভীর বৈরিতা তৈরি করে রেখেছে। ওয়াশিংটন এখনো কাবুলের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয়নি, যার ফলে আফগানিস্তান তীব্র অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে রয়েছে।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এখন এই বৈরী সম্পর্ক থেকে উত্তরণ চায়। তারা স্পষ্ট জানিয়েছে, অতীতের সংঘাত ভুলে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যেই তারা কাজ করতে আগ্রহী। মঙ্গলবার আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলোনিউজের সাথে এক বিশেষ আলাপকালে সরকারের এই নমনীয় ও ভবিষ্যৎমুখী অবস্থানের কথা তুলে ধরেন আফগান সরকারের প্রধান মুখপাত্র এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ।
জবিউল্লাহ মুজাহিদ তার সাক্ষাৎকারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আফগানিস্তান এখন আর কোনো দেশের সাথে সংঘাতের পথে হাঁটতে চায় না। ইসলামিক আমিরাত আফগানিস্তান বর্তমানে একটি বাণিজ্য ও কূটনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তিনি বলেন, “আমরা আমেরিকা সহ সকল দেশের সাথে সুসম্পর্ককে সমর্থন করি।” তবে এই সম্পর্কের ভিত্তি কী হবে, তাও তিনি স্পষ্ট করে দেন। মুজাহিদ বলেন, “এই সম্পর্ক গড়ে উঠবে দুটি বৈশিষ্ট্যকে ঘিরে, আর তা হচ্ছে: কূটনীতি এবং বাণিজ্য।
এই ক্ষেত্রে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা এই ক্ষেত্রগুলিতে আমাদের সাথে জড়িত থাকার জন্য উৎসাহিত করছি।” তালেবান সরকারের শীর্ষস্থানীয় একজন মুখপাত্রের কাছ থেকে এমন সুস্পষ্ট বার্তা আসাকে ওয়াশিংটনের প্রতি কাবুলের সরাসরি সংলাপের আহ্বান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আফগানিস্তান বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির শত শত কোটি ডলারের বৈদেশিক রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে জব্দ রয়েছে।
এই অচলাবস্থা কাটাতে এবং দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে তালেবান সরকার যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মরিয়া, তা জবিউল্লাহ মুজাহিদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।সাক্ষাৎকার চলাকালে মুজাহিদ সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতির বাগরাম বিমানঘাঁটি সম্পর্কিত একটি মন্তব্যের বিষয়েও কথা বলেন। বাগরাম বিমানঘাঁটি ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রধান কেন্দ্র এবং এটি তাদের দীর্ঘ বিশ বছরের উপস্থিতির প্রতীক।
মার্কিন প্রেসিডেন্ট সেই সামরিক ঘাঁটির বিষয়ে কথা বলায় তালেবান মুখপাত্র এর একটি কূটনৈতিক জবাব দেন। জবিউল্লাহ মুজাহিদ বলেন, “তারা মাঝে মাঝে বাগরাম বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলে। আমরা তাদের বলেছিলাম: বাগরামের পরিবর্তে, কাবুলে তাদের উচিত দূতাবাস পুনরায় চালু করা।” এই মন্তব্যের মাধ্যমে তালেবান সরকার একটি শক্তিশালী প্রতীকী বার্তা দিয়েছে। তারা বোঝাতে চেয়েছে যে, আফগানিস্তানকে আর সামরিক উপস্থিতির দৃষ্টিকোণ থেকে না দেখে, বরং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে কূটনৈতিক চ্যানেল পুনরায় চালু করা উচিত।
মুজাহিদের মতে, “কূটনৈতিক এই চ্যানেলটি চালুর মাধ্যমে, আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সঠিক ও বৈধ সম্পর্ক গড়ে উঠতে পারে।”তবে কাবুলের পক্ষ থেকে এমন নমনীয় বার্তা দেওয়া হলেও ওয়াশিংটন-কাবুল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোহাম্মদ আমিন করিম এই বিষয়ে তার মন্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বর্তমান সম্পর্ক নিয়ে অনেকেই দোটানায় আছেন।
কেউ কেউ তালেবানের সঙ্গে সীমিত পরিসরে হলেও সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে, আবার কেউ কেউ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তিনি মনে করেন, সামনের দিনগুলিতে আফগানিস্তানের ওপর মার্কিন দীর্ঘমেয়াদী নীতিই এই সম্পর্কের ভবিষ্যৎ স্পষ্ট করে দেবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পদ্ধতি নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারবার সমালোচনা করলেও, ইসলামিক আমিরাত আফগানিস্তানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট নয়।
ওয়াশিংটনসহ পশ্চিমা বিশ্ব বরাবরই তালেবানের কাছে মানবাধিকার রক্ষা, নারী শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে আসছে। এসব মৌলিক বিষয়ে তালেবান সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখালে ওয়াশিংটনের পক্ষে কাবুলে দূতাবাস পুনরায় চালু করা বা কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করা কঠিন হবে। তবে তালেবান মুখপাত্রের সর্বশেষ এই আহ্বান প্রমাণ করে যে, অর্থনৈতিক পুনর্গঠনের তাগিদে তারা তাদের একসময়ের প্রধান শত্রুর সঙ্গেও আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।




দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন