নভেম্বর ৮, ২০২৫, ০১:৩৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এক নির্দেশিকা জারি করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসাপ্রার্থীদের মধ্যে যাদের ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের আবেদন বাতিল হতে পারে।গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, এ ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জন্য ‘পাবলিক চার্জ’ বা অর্থনৈতিকভাবে বোঝা হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় করতে পারেন। তাই যুক্তরাষ্ট্রে আসার আগে এসব বিষয় যাচাই করা হবে।
আগে মার্কিন ভিসা প্রক্রিয়ায় সংক্রামক রোগ, টিকাদানের ইতিহাস, মানসিক অবস্থা ও শারীরিক সুস্থতার মতো বিষয়গুলোই বিবেচনায় নেওয়া হতো। তবে নতুন নীতিমালায় যেসব স্বাস্থ্য সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে:দীর্ঘস্থায়ী রোগ: হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস, মেটাবলিক, স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা।নির্দেশনায় বলা হয়েছে, এসব রোগের চিকিৎসার জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারী এই চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম কি না, তা মূল্যায়ন করতে হবে।
অলাভজনক আইনি সহায়তা সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেছেন, যদিও এ নির্দেশনা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, তবে এটি মূলত স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদনকারীদের ওপরই প্রয়োগ করা হবে বলে ধারণা করা হচ্ছে।পররাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীর কি আজীবন চিকিৎসার খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে, যাতে তিনি সরকারি সহায়তা বা দীর্ঘমেয়াদি প্রতিষ্ঠানভিত্তিক সেবার প্রয়োজন ছাড়াই জীবন যাপন করতে পারেন? এই বিষয়টি অবশ্যই যাচাই করতে হবে।
নতুন নির্দেশিকায় আবেদনকারীর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকও বিবেচনা করতে বলা হয়েছে। যেমন—কোনো নির্ভরশীল সদস্যের (ডিপেনডেন্ট) এমন কোনো শারীরিক বা মানসিক অবস্থা আছে কি না, যার কারণে আবেদনকারীর কাজে কোনো প্রভাব পড়তে পারে বা তাদের বিশেষ যত্নের প্রয়োজন আছে কি না।
অভিবাসন আইনজীবী সোফিয়া জেনোভেস বলেছেন, এই নির্দেশিকায় ভিসা কর্মকর্তাদের উৎসাহিত করা হয়েছে যে, তারা যেন আবেদনকারীদের চিকিৎসা ইতিহাসের ভিত্তিতে তাদের চিকিৎসা ব্যয়ের সম্ভাবনা ও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সক্ষমতা যাচাই করেন, যাতে তারা বুঝতে পারেন যে আবেদনকারী যুক্তরাষ্ট্রে আসার পর কোনো জটিলতায় না পড়েন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন