বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদন এসএসসি পাশে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৫ পিএম

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদন এসএসসি পাশে

পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০ হাজার নতুন সদস্য নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার এই বিশাল নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ অন্তত ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং বয়স নির্ধারণ করা হবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী। পাশাপাশি প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারী এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। 

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের ওজন এবং বুকের মাপ উচ্চতা ও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে যা স্বাস্থ্য পরীক্ষায় নিবিড়ভাবে যাচাই করা হবে।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যোগ্য প্রার্থীদের কয়েকটি ধাপে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাইয়ের পর লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার জন্য প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সরকারি এই বড় কর্মসংস্থানের সুযোগটি কাজে লাগাতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।