অক্টোবর ৩, ২০২৬, ০৪:১২ পিএম
পেশাগত জীবনে কেবল ‘আমার একটি চাকরি দরকার’ বলে মেসেজ পাঠালে কাঙ্ক্ষিত সাড়া পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অন্যদিকে, কৌশলগতভাবে সম্পর্ক বা নেটওয়ার্ক গড়ে তুললে দীর্ঘমেয়াদে কাজের সুযোগ স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হতে পারে। কোনো সুযোগ বা তদবির না চেয়েও প্রভাবশালী পেশাদারদের সাথে কার্যকর সম্পর্ক গড়ে তোলার বেশ কিছু উপায় রয়েছে।
প্রথমত, ইনফরমেশনাল ইন্টারভিউ বা তথ্যমূলক আলোচনার অনুরোধ করা যেতে পারে। কারো কাছে সরাসরি চাকরির কথা না বলে তার অভিজ্ঞতা বা ক্যারিয়ার জার্নি সম্পর্কে জানতে চাওয়া ভালো। মানুষ সাধারণত নিজের অর্জন ও অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পছন্দ করে। সংক্ষিপ্ত বার্তায় লিখে জানাতে পারেন যে তার ক্যারিয়ারের পথচলা অনুপ্রেরণাদায়ক এবং সংশ্লিষ্ট ফিল্ডে তার অভিজ্ঞতা সম্পর্কে ১০-১৫ মিনিট জানার সুযোগ পেলে খুব উপকৃত হওয়া যাবে। যোগাযোগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল ও পোস্ট ভালোভাবে খেয়াল করে আগ্রহের জায়গায় অভিন্নতা খোঁজা জরুরি। তাদের কাজের ধরন বা সম্প্রতি প্রকাশিত কোনো লেখা নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে।
দ্বিতীয়ত, কনটেন্টে নিয়মিত ও গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখা দরকার। যাদের সাথে সম্পর্ক তৈরি করতে চান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রমে নজর রাখুন। তাদের পোস্টে লাইক বা শেয়ার করার পাশাপাশি অর্থপূর্ণ মন্তব্য করুন, যা ধীরে ধীরে আপনার নাম ও প্রোফাইল তাদের কাছে পরিচিত করে তুলবে। সংযোগ তৈরির আগেই সম্পর্ক বা নেটওয়ার্কে ভ্যালু যোগ করার মানসিকতা থাকতে হবে। শুধু নেওয়ার আশা না করে আপনি তাদের কী দিতে পারছেন, তা নিয়ে ভাবুন। আপনার বা তাদের কাজের সাথে সম্পর্কিত ভালো কোনো নিবন্ধ, রিপোর্ট বা ইন্ডাস্ট্রি নিউজ শেয়ার করতে পারেন।
তৃতীয়ত, কমন রেফারেন্স বা মিউচুয়াল কানেকশন ব্যবহার করা অত্যন্ত কার্যকর। সরাসরি যোগাযোগের পরিবর্তে সম্ভব হলে কোনো পরিচিত মানুষের মাধ্যমে পরিচয় করিয়ে নিন। সম্পূর্ণ অপরিচিত কারো মেসেজের চেয়ে পরিচিত ব্যক্তির মাধ্যমে আসা রেফারেন্স অনেক বেশি বিশ্বাসযোগ্যতা তৈরি করে। পাশাপাশি নিয়মিত যোগাযোগ ধরে রাখা এবং প্রথমবার কথা বা মিটিং হওয়ার পর ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠানো উচিত। পরবর্তীতে তাদের দেওয়া কোনো পরামর্শ কাজে লাগিয়ে উপকার পেলে তা মেসেজ দিয়ে আপডেট জানাতে পারেন। প্রমোশন, নতুন অর্জন বা বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির দিকে নজর দিলে চাকরির সুযোগগুলো একসময় আপনার কাছে এমনিতেই আসতে শুরু করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন