শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কত জানালো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৫:১৬ পিএম

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কত জানালো ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু আবার বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মৃত্যু এবং শারীরিক সক্ষমতা হারানোর সার্বিক প্রবণতা বিশ্লেষণ করে এই নতুন মূল্যায়ন তৈরি করা হয়েছে। জাতীয় পর্যায়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন, সংস্থার নিজস্ব কারিগরি কর্মসূচির হিসাব এবং জাতিসংঘের সহযোগী বিভিন্ন সংস্থার নির্ভরযোগ্য তথ্য এতে ব্যবহার করা হয়।   

সংস্থার সর্বশেষ গ্লোবাল হেলথ এস্টিমেটস প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে।   করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ুর এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। অর্থাৎ ভয়াবহ মহামারির ধাক্কা কাটিয়ে বৈশ্বিক গড় আয়ু প্রাক-মহামারি অবস্থার চেয়ে এখন মাত্র শূন্য দশমিক ১ বছর পিছিয়ে রয়েছে। তবে সামগ্রিক আয়ু বাড়লেও সুস্থভাবে বেঁচে থাকার সময় বা স্বাস্থ্যকর আয়ু তুলনামূলক ধীরগতিতে আগের জায়গায় ফিরছে।   হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষ গড়ে ৬২ দশমিক ৮ বছর সম্পূর্ণ সুস্থভাবে বেঁচেছে। 

এই সংখ্যাটি ২০১৯ সালের সুস্থভাবে বেঁচে থাকার হারের তুলনায় এখনো শূন্য দশমিক ৪ বছর কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা, ডিজিটাল স্বাস্থ্য, বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের পরিচালক ড. অ্যালাঁ ল্যাব্রিক উল্লেখ করেন, দীর্ঘদিন বেঁচে থাকার এই সক্ষমতা অর্জন আধুনিক জনস্বাস্থ্যের অন্যতম সেরা সাফল্য। তিনি বলেন, মানবজাতির সামনের আসল চ্যালেঞ্জ হলো মানুষের জীবনে যুক্ত হওয়া এই বাড়তি বছরগুলো যেন সুস্থ ও কর্মক্ষমভাবে কাটে। একই সঙ্গে বিশ্বব্যাপী জনগোষ্ঠীর পরিবর্তিত স্বাস্থ্য চাহিদা মেটানোর জন্য চিকিৎসা ব্যবস্থাগুলোকে প্রয়োজনীয় সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।