শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
পেকুয়া সফর

বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৫:১০ পিএম

বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন

স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, "এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।"

শনিবার দুপুর আড়াইটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রাশেদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি এই আশ্বাস দেন।

এর আগে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন। পরে তার বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে এবং সবাই পূর্ণ ন্যায়বিচার পাবেন। রাশেদ খাঁন আরও জানান, জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসায় শহীদ ওয়াসিমের কবরে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নের উদ্যোগ শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রহণ করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, যারা বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামই তাদের উপযুক্ত জবাব। ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছিলেন বলে উল্লেখ করেন। তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ তখন আন্দোলনের মূল সমন্বয়ের কাজ শুরু করেন এবং তার সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে গণ-অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন। কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমসহ স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।