শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দমকল বাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৫:২৬ পিএম

পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দমকল বাহিনী

আর্জেন্টিনা জাতীয় দলের তারকা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বিলাসবহুল বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির এসতেবান এচেভিরিয়ার ক্যানিং এলাকায় অবস্থিত এই ফুটবলারের বাড়িতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সেখানে বাড়ির কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার অংশ হিসেবে একটি বয়লার স্থাপন করা ছিল। অন্যদিকে আরেকটি তথ্যে উল্লেখ করা হয়েছে, ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যাটারি থেকেও এই আগুন ছড়িয়ে পড়তে পারে। 

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করেন লেয়ান্দ্রো পারেদেস। তবে অগ্নিকাণ্ডের সময় তিনি বা তার পরিবারের সদস্যরা ভবনের ভেতরে অবস্থান করছিলেন কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করেছেন যে পুরো ঘটনায় কেউ শারীরিক আঘাত পাননি বা আহত হননি।