শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৪:৩৮ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর দুইটা ৪৪ মিনিটে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে কাজ শুরু করে। এখন পর্যন্ত কারখানাটির ভেতরে আটকে পড়া ৬৯ জনকে অক্ষত অবস্থায় নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র এক মিনিটের ব্যবধানে দুপুর দুইটা ৪৫ মিনিটে উদ্ধারকারী ইউনিটগুলো সংশ্লিষ্ট স্টেশন থেকে রওনা দেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার হওয়ায় বিকেল তিনটার দিকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং সরাসরি নির্বাপণ কার্যক্রম শুরু করেন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভবনটি থেকে শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর ভবনের ভেতরে পুনরায় নিবিড় তল্লাশি ও অনুসন্ধান চালানো হবে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক উৎস এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।