শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
জাপানি ভাষা শিক্ষা

জাপান যেতে ভাষা শিখছেন তরুণরা, কুমিল্লায় অফুরন্ত সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০১:১৪ পিএম

জাপান যেতে ভাষা শিখছেন তরুণরা, কুমিল্লায় অফুরন্ত সুযোগ

মাথা নিচু করে সমস্বরে এভাবেই জাপানি ভাষায় দিন শুরু করেন কুমিল্লার একদল তরুণ-তরুণী। এ দৃশ্য কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের, যেখানে জাপানের সংস্কৃতি, আচার-আচরণ ও ভাষা শেখানো হয়। কর্মসংস্থানের আশায় জাপানে যেতে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ভিড় করছেন তরুণরা। ছেলেদের সাদা শার্ট ও কালো প্যান্টের পাশাপাশি মেয়েরাও একই রঙের পোশাক পরে ক্লাসে অংশ নেন। মনিটরে জাপানের সংস্কৃতি দেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের দিয়ে জাপানি ভাষায় কথোপকথন করানো হয় এবং আদবকায়দা নিয়েও পরামর্শ দেওয়া হয়।

কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এই কেন্দ্রে গত তিন বছর ধরে জাপানি ভাষা শেখানো হচ্ছে।

প্রতি বছর জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস মেয়াদি দুটি ব্যাচে কোর্স পরিচালিত হয়। বর্তমানে সপ্তম ব্যাচের ক্লাস চলছে। প্রতি ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। কেন্দ্রটির সূত্র জানিয়েছে, এখান থেকে জাপানি ভাষা শিখে ইতিমধ্যে ৩৫ জন শিক্ষার্থী জাপানে গেছেন এবং আরও ২৫ জন ভিসার জন্য অপেক্ষা করছেন।

শিক্ষার্থী শামীমুল ইসলাম, নাইম, সাফায়েত জামিল ও ফারিয়া জারি ফারিন জানান, তরুণদের স্বপ্ন পূরণে এই কোর্স কাজ করছে।

জাপানে কাজের অফুরন্ত সুযোগ থাকায় মূলত কর্মসংস্থানের জন্যই তারা ভাষা শিখছেন। সরকারি প্রতিষ্ঠানে ক্লাস না হওয়ার যে সাধারণ ধারণা রয়েছে, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তার ব্যতিক্রম। এখানে নিয়মিত ক্লাস হয় এবং পেছনের সারির শিক্ষার্থীদের থেকেও পড়া আদায় করা হয়। ভাষা ও সংস্কৃতির পাশাপাশি ভিসা প্রাপ্তির বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও প্রযুক্তিগত সহায়তা পেলে আরও দ্রুত ভালো ফলাফল করা সম্ভব বলে শিক্ষার্থীরা জানান।

ভাষা শিখতে প্রচুর তরুণ-তরুণী ভিড় করেন বলে জানান প্রশিক্ষক হাসান মোরশেদ।

তিনি বলেন, প্রতি ব্যাচে ৫০০-এর বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে মাত্র ৫০ জনকে সুযোগ দেওয়া হয়। শিক্ষার্থীরা ভাষা শিখে সফলতার সঙ্গে জাপানে কর্মসংস্থানের জন্য যেতে পারছেন।

কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান জানান, এই কেন্দ্রে জাপানি ছাড়াও কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে জাপানি ভাষার প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ সবচেয়ে বেশি। নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীরা নামমাত্র মূল্যে ভর্তি হয়ে সম্পূর্ণ বিনামূল্যে পুরো প্রশিক্ষণ নিতে পারেন।