নভেম্বর ৮, ২০২৫, ১০:১৭ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে মোট ছয়টি বিভাগ থেকে এই শিক্ষক নির্বাচন করা হবে। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ফরম পূরণের নির্দেশনা টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd) পাওয়া যাবে, যেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: ১০০ টাকা (টেলিটকের ১২ টাকা চার্জসহ মোট ১১২ টাকা)।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ, সমমানের জিপিএ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া হবে উপজেলা বা থানাভিত্তিক। এই ক্ষেত্রে বিবাহিত নারী প্রার্থীদের জন্য বিশেষ শর্ত প্রযোজ্য হবে:বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।তবে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা বা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে।আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় চাকরি করতে হবে।
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিতদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন