জানুয়ারি ২০, ২০২৬, ১১:১৫ এএম
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার জন্য কারাগারে থাকা চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করবেন।
ট্রাইব্যুনালে হাজির করা চার আসামি হলেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। আজই শেষবারের মতো তাদের এই মামলার রায় শুনতে আদালতে আনা হয়েছে।
তবে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ওপরস্থ চার কর্মকর্তা এখনো পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম শেষে আজ রায় দেওয়া হচ্ছে। অন্য পলাতক আসামিরা হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক এসি মোহাম্মদ ইমরুল। রায়কে কেন্দ্র করে হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চানখারপুলে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাসসহ ৬ জন শহীদ হন। গত বছরের ২১ এপ্রিল এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছিল। পুনর্গঠিত ট্রাইব্যুনালের অধীনে এটি কোনো মামলার দ্বিতীয় রায় হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন