অক্টোবর ৫, ২০২৫, ০৬:৫০ পিএম
সকল আইনি জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠানের পথ অবশেষে উন্মুক্ত হলো। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া একটি স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছেন, যার ফলে তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচন হতে আর কোনো বাধা রইল না।
রোববার (৫ অক্টোবর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিকালে রিট আবেদনকারীর পক্ষ থেকে নির্বাচন স্থগিতের জন্য পুনরায় আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দিয়ে বলেন, “নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।”
এর আগে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর এক চিঠিতে কাউন্সেলর মনোনয়নের পুরোনো ফরম বাতিল করে নতুন ফরম পূরণের নির্দেশ দেন। এই চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ করে কয়েকজন কাউন্সেলর হাইকোর্টে রিট আবেদন করলে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট চিঠির কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন এবং আজ চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
আজকের আদেশের ফলে বিসিবি সভাপতির ১৮ সেপ্টেম্বরের চিঠিটিই বহাল থাকল এবং নির্বাচনের সকল পথ পরিষ্কার হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল এবং বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহিন এম রহমান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন