অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৪০ পিএম
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আসামি অপূর্ব পালকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো জঘন্য অপরাধ করেছেন এবং এই ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন বা ষড়যন্ত্র আছে কিনা, তা খুঁজে বের করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের শুনানির পর আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে অপূর্ব পালের কোরআন অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর বিক্ষুব্ধ জনতা তার বাসা ঘেরাও করলে ভাটারা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরদিন ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করে এবং তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন