রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীতকালে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ৫টি জরুরি কৌশল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:০৯ পিএম

শীতকালে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ৫টি জরুরি কৌশল

শীতকালে সর্দি-কাশি যেমন সাধারণ সমস্যা, তেমনি নীরবে বাড়তে থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রাও। ঠাণ্ডায় অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া, উৎসব-অনুষ্ঠান এবং নিয়মিত শরীরচর্চা না করার কারণে রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য অসুস্থতা থাকলে এই ঝুঁকি আরও বাড়ে। চলুন, জেনে নিই শীতের মৌসুমে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জরুরি কৌশলগুলো:

১. স্যাচুরেটেড ফ্যাট কমান

বিয়েবাড়ি বা অনুষ্ঠানে নিয়মিত মাটন, তেলেভাজা বা তেল-চর্বিযুক্ত খাবার খেলে কোলেস্টেরল বাড়তেই পারে। তাই এ ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরল বাড়ানোর প্রধান কারণ।

২. প্রতিদিন ফাইবার খান

ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর। রক্তে শর্করা ও ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক। শীতকালে তাজা শাকসবজি, ওটস ইত্যাদি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন।

৩. ওমেগা-৩ যুক্ত খাবার যুক্ত করুন

হৃদযন্ত্র ভালো রাখতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড দরকার। এটি প্রয়োজনীয় পলিআনস্যাচুরেটেড ফ্যাট সরবরাহ করে। এজন্য খাদ্যতালিকায় মাছ, আখরোট, চিয়া সিড যোগ করতে পারেন।

৪. নিয়মিত ব্যায়াম করুন

শীতে ওজন বাড়ার প্রবণতা বেশি থাকে। তাই শুধু ডায়েট মানলেই হবে না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। হাঁটা, জগিং, বা যোগব্যায়াম যেকোনো কিছুই কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. খাওয়াদাওয়ায় সংযম রাখুন

শীতে অনুষ্ঠান-উৎসব বাড়ে, তাই মনের অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়। চেষ্টা করুন সীমিত পরিমাণে খাবার খেতে। পাশাপাশি মদ্যপান থেকে দূরে থাকাও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।