নভেম্বর ২৫, ২০২৫, ০৬:২৪ পিএম
আগামী ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানান, এই মক ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনে আর কী কী দরকার, সে বিষয়ে কমিশন পর্যালোচনা করবে।
এছাড়া, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটেও অংশ নিতে পারবেন বলে তিনি নিশ্চিত করেছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্যগুলো জানান।
আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ আছে। সেগুলো আগে থেকেই সরবরাহ করা হবে, যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের ঝামেলা না হয়।
তিনি আরও জানান, বর্তমানে ভোটার তালিকার প্রিভিউ চলছে এবং ডিসেম্বরের ৫ তারিখের মধ্যেই ভোটার তালিকা তৈরি হয়ে যাবে। ভোটকেন্দ্র বা বুথ বাড়ানো লাগবে কিনা—তাও পর্যালোচনা করা হচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আইন অধ্যাদেশ আকারে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং এই আইনের গেজেট আগামী দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
তিনি গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বলেন, গণভোটে একটি প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের ভিত্তিতে জনগণ হ্যাঁ–না ভোট দেবে। গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। জাতীয় নির্বাচনের সময় অনুযায়ীই গণভোট অনুষ্ঠিত হবে। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট যদি না-ও হয়, কিন্তু অবশিষ্ট ভোট হয়ে গেলে এবং গণভোট অনুষ্ঠিত হলে তা কমিশন বিবেচনা করবে বলে জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন