রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে দেখতে আইজিপি ও ডিএমপি কমিশনার হাসপাতালে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১১:১৪ পিএম

খালেদা জিয়াকে দেখতে আইজিপি ও ডিএমপি কমিশনার হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার রাত ৯টার আগে তারা হাসপাতালে পৌঁছান। জাতীয় রাজনীতিতে এমন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত ১২ দিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই জাতীয় নেত্রীর চিকিৎসা চলছে। গত রবিবার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

তার শারীরিক অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বেগে রয়েছে। এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে এবং কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। এই প্রস্তুতির মধ্যেই পুলিশের শীর্ষ কর্মকর্তাদের হাসপাতালে আগমন জাতীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।