ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩৬ পিএম
দশম গ্রেডের দাবিতে দুই দফা কর্মবিরতি পালন করেছেন সারাদেশের সব সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। এই কর্মবিরতির কারণে সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এমতাবস্থায় সরকার কঠোর বার্তা দিয়েছে যে, আন্দোলনকারীরা অবিলম্বে কাজে না ফিরলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এই আন্দোলনের ফলে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে ব্যাপক বিঘ্ন ঘটছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দাবি, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।মন্ত্রণালয় আরও জানায়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় বিষয়টির অগ্রগতির বিষয়ে অবহিত হয়েছেন।
এত কিছুর পরও আন্দোলনকারীরা সেবাপ্রার্থীদের জিম্মি করে কর্মবিরতি অব্যাহত রাখছেন, যা স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সকল পক্ষের ইতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও কর্মবিরতি চলমান রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করার মতো কর্মসূচি অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৩০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দশম গ্রেডের দাবিতে কর্মবিরতিসহ চার দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সর্বশেষ গতকাল তারা চার ঘণ্টার কর্মবিরতি পালন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন