বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:১৬ পিএম

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় আছে।

পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে, তবে সামনের নির্বাচন তাদের জন্য একটি বড় পরীক্ষা হবে। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন— সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সজাগ থাকতে হবে।

তিনি মনে করেন, নির্বাচনে পরাজিত ব্যক্তিরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন। তিনি জাতীয় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে।এছাড়াও তিনি দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরে প্রবাসে দক্ষ মানব সম্পদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং উন্নয়নের অন্যতম ভিত্তি। বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা থাকলেও অনেকেই দক্ষতা অর্জন না করেই অতিরিক্ত অর্থ ব্যয়ে বিদেশে গিয়ে কম বেতনে চাকরি করছেন।

তিনি তথ্য দেন, বিদেশে অদক্ষ শ্রমিকদের তুলনায় দক্ষ শ্রমিকরা তিন গুণ পর্যন্ত বেশি বেতন পান। এজন্য অধিক রেমিট্যান্স অর্জনে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন। সভার শুরুতে 'উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর' শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। পররাষ্ট্র উপদেষ্টা তার চার দিনের সফরের অংশ হিসেবে রংপুর সফর করছেন।