রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৪৪ পিএম

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই এ এস এফ রহমানসহ মোট ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পৃথক তিন বাদী এই মামলাগুলো দায়ের করেন।আদালত বাদীদের জবানবন্দি রেকর্ড করে অভিযোগ বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী তিনজন হলেন ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।বাদীরা অভিযোগে বলেন, সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেডে তারা পাইলট হিসেবে চাকরি নিয়েছিলেন। কোম্পানিতে থাকাকালে তারা বেতন-ভাতা পেলেও ফেব্রুয়ারি মাসে তাদের পাওনা বাকি রেখে টার্মিনেট করা হয়। তাদের মোট পাওনার পরিমাণ কোটি টাকার ওপরে।

তারা অভিযোগ করেন, "খোঁজখবর নিয়ে দেখি, এই কোম্পানিটা ছিল আসলে একটা ভুয়া কোম্পানি। তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে একটা ফেক কোম্পানি গঠন করে এবং আরও নিশ্চয়ই শত শত কোটি টাকাও লোপাট করেছে। তারা (আসামি) আমাদের পাওনা টাকা থেকে বঞ্চিত করেছে। আসামিরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে।" পৃথক তিন মামলায় সবমিলিয়ে এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা প্রতারণা করার অভিযোগ উল্লেখ করা হয়। জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এমন মামলা আইন-আদালত অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।