রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১১:০১ এএম

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে সোমবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এই তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১৪৭ জন এবং নারী ভোটারের সংখ্যা ২১ হাজার ১৯১ জন।

দেশভিত্তিক নিবন্ধনের দিকে তাকালে দেখা যায়, সৌদি আরবে ৬২ হাজার ৯৯৭ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৪৬ জন, কাতারে ১৬ হাজার ৩১৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৪ হাজার ৮৬১ জন, মালয়েশিয়ায় ১৩ হাজার ৭২৯ জন, সিঙ্গাপুরে ১৩ হাজার ১৬২ জন, যুক্তরাজ্যে ১২ হাজার ০১৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৪৯ জন, কানাডায় ৯ হাজার ৪৯৯ জন, ওমানে ৯ হাজার ৪৫১ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩৭ জন, ইতালিতে ৮ হাজার ৩৯০ জন এবং জাপানে ৬ হাজার ৯৯৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

ইসির এক বার্তায় জানানো হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই সংক্রান্ত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের কাছে অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় ভোটারের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে পাঠানো সম্ভব হবে না। এর আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা থাকলেও নির্বাচন কমিশন (ইসি) এই সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করেছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।