রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
সিআইডির বিজ্ঞপ্তি

হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:০৪ পিএম

হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর পল্টনে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঘাতক ফয়সালের পরিবার ও সহযোগীদের গ্রেফতারের সময় বিপুল পরিমাণ চেকবই জব্দ করা হয়।

এসব চেকবইয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফয়সাল ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা চেকগুলোতে সমষ্টিগতভাবে প্রায় ২১৮ কোটি টাকার রেকর্ড রয়েছে।

যদিও এগুলোর চূড়ান্ত লেনদেন এখনও সম্পন্ন হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বিভিন্ন ব্যাংক হিসাবে ইতোমধ্যে ১২৭ কোটি টাকারও বেশি রহস্যজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।তদন্তকারী সংস্থাটি মনে করছে, এই বিশাল অংকের অর্থ মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের (Terror Financing) সাথে সম্পৃক্ত থাকতে পারে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সিআইডি মানিলন্ডারিং আইনে পৃথক অনুসন্ধান শুরু করেছে। এছাড়া ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সিআইডির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো শক্তিশালী নেটওয়ার্কের অর্থায়ন বা অস্ত্র সরবরাহ ছিল কি না, তা খুঁজে বের করতে সিআইডির একাধিক টিম মাঠে রয়েছে। এসব অর্থের মূল যোগানদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার চেষ্টা চলছে। মূল হোতা ফয়সাল এখনও পলাতক থাকলেও তাকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।