জানুয়ারি ২, ২০২৬, ১০:১৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানও পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা জানান। ১৬ বছরের রাজনৈতিক নিপীড়ন ও দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম জিয়া।
গত বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রধান উপদেষ্টাসহ লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
আন্তর্জাতিক এই শোকবার্তাগুলো বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার গুরুত্ব ও গ্রহণযোগ্যতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন