জানুয়ারি ৫, ২০২৬, ১০:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। বেসরকারি গবেষণা সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত এই জরিপে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপের ফল উপস্থাপন করা হয়।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বিস্তারিত তথ্য তুলে ধরেন।ইএএসডি জানায়, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০ সংসদীয় আসনে এই জরিপ পরিচালিত হয়।
সরাসরি ২০ হাজার ৪৯৫ জন উত্তরদাতার মতামত সংগ্রহের মাধ্যমে এই গবেষণালব্ধ ফলাফল তৈরি করা হয়েছে।ভোটের পছন্দ: ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে এবং ১৯ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে সমর্থন জানিয়েছেন ২.৬ শতাংশ মানুষ।
সরকার গঠন: ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি আগামীতে সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াত সরকার গঠন করতে পারে।
বিজয়ের সম্ভাবনা: ৭৪ শতাংশ উত্তরদাতা বিএনপির এবং ১৮ শতাংশ জামায়াতের বিজয়ের সম্ভাবনা দেখছেন।
বিগত নির্বাচনের তুলনা: উত্তরদাতাদের ৩৫ শতাংশ জানিয়েছেন তারা বিগত নির্বাচনে বিএনপিকে এবং ২৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছিলেন।
জরিপ বিশ্লেষণে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ (৭৭ শতাংশ) মনে করেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের শাসনব্যবস্থায় পরিবর্তন আসবে। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছেন ১ শতাংশের কিছু বেশি উত্তরদাতা। এছাড়া জরিপে অংশ নেওয়া ০.২ শতাংশ মানুষ জানিয়েছেন তারা কাউকে ভোট দেবেন না।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার তালুকদার বলেন, এই জরিপ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মনোভাব বুঝতে সহায়ক হবে। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনমতের এই প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন