রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রার্থিতা বাতিলের জেরে সিইসির সঙ্গে বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:২৪ এএম

প্রার্থিতা বাতিলের জেরে সিইসির সঙ্গে বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আইনের অতি ব্যবহার ও তুচ্ছ কারণে’ দলীয় প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন দলটির শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি জানিয়েছেন, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিনের সঙ্গে এই আলোচনায় দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কড়াকড়ি এবং গণহারে প্রার্থিতা বাতিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হবে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে মোট ৫ জন কেন্দ্রীয় নেতা অংশ নেবেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন দলের আরেক যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অনেক প্রার্থীর মনোনয়নপত্র সামান্য ত্রুটি বা তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা স্বরূপ।

এছাড়া নির্বাচনে সব দলের জন্য সমান প্রচারণার সুযোগ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাঁরা কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।বৈঠক শেষে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। যেখানে সিইসির সঙ্গে আলোচনার নির্যাস ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।