বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১২:৩৩ পিএম

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এই রায় দেয়। এর ফলে আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনে আপিল করেন। আজ সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তার আইনজীবীরা তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রমাণ করেন যে, হলফনামায় কোনো তথ্য গোপন করা হয়নি বা ভুল তথ্য দেওয়া হয়নি।নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, জামায়াতের এই নেতা হলফনামায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৭২টি মামলার তথ্য উল্লেখ করেছিলেন। এর মধ্যে:

৭০টি মামলা থেকে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার পেয়েছেন।

বর্তমানে মাত্র ২টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা, যা বর্তমানে হাইকোর্ট কর্তৃক স্থগিত রয়েছে।শুনানি শেষে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ খারিজ করে এবং হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।