বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের নারীদের জন্য রেড ক্রিসেন্টের বড় সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৪১ পিএম

দেশের নারীদের জন্য রেড ক্রিসেন্টের বড় সুখবর

নারীদের জন্য প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এখন থেকে দেশের ৬৪টি জেলাতেই এই ক্যান্সার শনাক্তকরণে বিশেষ স্ক্রিনিং সেবা প্রদান করবে সংস্থাটি।

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিদা হানুম আখতার।

ড. হালিদা জানান, সারা দেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিট এবং ৬৪টি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ধাপে ধাপে ‘ভায়া’ (VIA) টেস্টসহ প্রাথমিক স্ক্রিনিং সেবা চালু করা হবে।

এছাড়া সংস্থার বিপুলসংখ্যক তরুণ ভলান্টিয়ারকে এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে নিয়োজিত করা হবে।আলোচনায় জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়:

মাসিকের সময় ছাড়াও অস্বাভাবিক রক্তক্ষরণ।

মেনোপজ বা মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর পুনরায় রক্তক্ষরণ শুরু হওয়া।

রোগটি জরায়ুমুখ থেকে দ্রুত মূত্রাশয় ও মলাশয়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, তাই দ্রুত শনাক্তকরণ জরুরি।

রেড ক্রিসেন্ট চেয়ারম্যান বলেন, ব্রেস্ট ক্যান্সারের টিকা না থাকলেও জরায়ুমুখ ক্যান্সারের কার্যকর টিকা রয়েছে, যা ১২ বছর বয়স থেকেই দেওয়া সম্ভব। এছাড়া জন্মনিয়ন্ত্রণ বড়ি একটানা পাঁচ বছরের বেশি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন তিনি।

আর্থিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারের পুরুষরা সচেতন না হলে নারীদের পক্ষে সময়মতো স্ক্রিনিং করানো কঠিন। তাই এই রোগ প্রতিরোধে পুরুষদেরও সহযোগী হওয়া প্রয়োজন।একটি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে রেড ক্রিসেন্ট স্কুল-কলেজ ও গণমাধ্যমকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।