জানুয়ারি ১২, ২০২৬, ১০:১৮ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস এ সিদ্ধান্তের কথা জানান।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং গণভোটে হ্যাঁ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শফিকুল আলম জানান যে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে।
ইইউ সচরাচর অনেক দেশেই পর্যবেক্ষক পাঠায় না তবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব ও বন্ধুত্বের কারণে তারা এবার বড় আকারের মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রেস সচিব আরও উল্লেখ করেন যে শেখ হাসিনার শাসনামলে ইইউ একবারও বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি কারণ তারা মনে করে আগের তিনটি সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি। তবে এবারের নির্বাচনকে ঘিরে সর্বত্র ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে বলে ইইউ প্রতিনিধি দল মন্তব্য করেছে।বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন ও গণভোট হবে অবাধ ও সুষ্ঠু।
তিনি জানান যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে যা ঢাকা থেকে সরাসরি মনিটর করা যাবে। এছাড়া সব কেন্দ্রেই সিসি ক্যামেরা থাকবে এবং সেনাবাহিনী র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সরকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে গণভোটে হ্যাঁ ভোট চাওয়ার বিষয়ে আইনগত কোনো বাধা নেই বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ফলে সরকার এ বিষয়ে জনসচেতনতা কার্যক্রম চালাবে। প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে যে উচ্চমাত্রার উৎসাহ দেখা যাচ্ছে তাতে আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতির আশা করছে অন্তর্বর্তী সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন