বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করলো ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪৮ পিএম

জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করলো ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সারাদেশে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, এবার সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই পরিসংখ্যান তুলে ধরেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪২ হাজার ৭৬৬টি কেন্দ্রের অধীনে ভোটারদের জন্য মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 

এর মধ্যে প্রিজাইডিং অফিসার হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার হিসেবে ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন দায়িত্ব পালন করবেন।

সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। লিঙ্গভিত্তিক ভোটার পরিসংখ্যানে দেখা গেছে, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সকল সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যালট পেপার মুদ্রণ, স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ এবং নির্বাচনি সরঞ্জাম জেলায় জেলায় পাঠানোর কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি দক্ষ জনবল নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আগামীর এই নির্বাচনকে ঘিরে সারাদেশে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।