ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৫ এএম
অবশেষে শুরু হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরামহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে কেবল শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ। তারা ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সেনা সদস্য ছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা রয়েছেন। প্রথমবারের মতো নির্বাচনের নিরাপত্তায় ড্রোন, ইউএভি এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ দমনে মাঠে তৎপর রয়েছেন।
এই নির্বাচনে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকসহ ৮১টি দেশি সংস্থার প্রায় সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক নজর রাখছেন। এছাড়া প্রবাসী ও দেশের অভ্যন্তরের ভোটারদের জন্য ‘বিডি মোবাইল অ্যাপ’-এর মাধ্যমে পোস্টাল ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন