বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

বিনোদন ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৫:৫২ পিএম

১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

ছবি: সংগৃহীত

তরুণ দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজন শেষ হচ্ছে চলতি মাসেই। ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়ে এই সিজনের ইতি টানার ঘোষণা দিয়েছেন নির্মাতা।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে নির্মাতা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। শেষ চ্যাপ্টারে দর্শকদের জন্য বেশ কিছু বড় চমক থাকছে বলেও নিজের বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় অমি বলেন যে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে এবং এই শেষ চ্যাপ্টারে এমন অনেক কিছু থাকছে যা দর্শকরা অনেক বছর ধরে দেখতে চেয়েছিলেন। তাই সবাইকে শেষ চ্যাপ্টারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তবে পঞ্চম সিজনের এই শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে নির্মাতা সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি।

এদিকে বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগেছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। তার দাঁত ও গলার নানা সমস্যা দেখা দিয়েছিল এবং অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। তবে সাম্প্রতিক ভিডিও বার্তায় তিনি অনুরাগীদের উদ্দেশ্যে জানান যে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এবং তার গলার অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নাটকের পঞ্চম সিজন শেষ হওয়ার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নির্মাতার ঘোষণার পরপরই ভক্তরা শেষ চ্যাপ্টারে নিজেদের পছন্দের বিভিন্ন চরিত্রকে পর্দায় দেখার জন্য নানা রকম প্রত্যাশা ব্যক্ত করতে শুরু করেছেন। কেউ কেউ কমেন্টে রোকেয়া আবার কেউবা শিমুল চরিত্রটিকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। তবে পঞ্চম সিজন শেষের পর নাটকটির ষষ্ঠ কোনো সিজন আসবে কি না, সে বিষয়ে নির্মাতা এখনো কোনো ইঙ্গিত দেননি।

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট নাটকের বিভিন্ন জনপ্রিয় চরিত্রে অনবদ্য অভিনয় করে চিরচেনা পরিচিতি লাভ করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ বিনোদন অঙ্গনের আরও অনেক জনপ্রিয় মুখ।