নভেম্বর ৫, ২০২৬, ০৬:১৮ পিএম
ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ভিসা অঙ্গীকারনামা বা আন্ডারটেকিং ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি অ্যাডভাইজরিতে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী সব ভিসা আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে এই অঙ্গীকারনামা জমা দেওয়া অপরিহার্য। নতুন এই নিয়ম অনুযায়ী আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া নির্দিষ্ট লিংক থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর অনলাইন ভিসা আবেদন পোর্টালের সঙ্গে ওই পূরণকৃত ফর্মটি স্ক্যান করে আপলোড করতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে আবেদনকারীদের অবশ্যই শুধু নির্দিষ্ট ফরম্যাটের ফর্মটিই ব্যবহার করতে হবে এবং অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার জন্যই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে হাইকমিশন জানিয়েছে।
প্রকাশিত এক পাতার ভিসা অঙ্গীকারনামা ফর্ম অনুযায়ী আবেদনকারীকে প্রথমে নিজের নাম লিখে অঙ্গীকার করতে হবে যে তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন কেবল সেই উদ্দেশ্যেই ভারত সফর করবেন। একইসঙ্গে ঘোষণা দিতে হবে যে আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং তার প্রদান করা সমস্ত তথ্য সম্পূর্ণ সঠিক। ফর্মে ব্যক্তিগত বিবরণের অংশে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। এছাড়া ভারত ভ্রমণের উদ্দেশ্য যেমন ট্যুরিজম, বিজনেস, মেডিক্যাল ট্রিটমেন্ট কিংবা কনফারেন্স স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ফর্মের বাকি অংশে মূলত তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারনামা রয়েছে। এর মধ্যে রয়েছে সফর শেষ হওয়া মাত্রই নিজ দেশে ফিরে যাওয়া এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান না করা। পাশাপাশি ভারতে অবস্থানকালে দেশটির সমস্ত আইন, বিধি-বিধান ও সংস্কৃতি মেনে চলা এবং আইনবিরোধী কোনো কার্যকলাপে না জড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে। কোনো আইন লঙ্ঘিত হলে তাৎক্ষণিক ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা প্রাপ্তির যোগ্যতা চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও ফর্মে সতর্ক করা হয়েছে। সবশেষে আবেদনকারীকে নিজের স্বাক্ষর এবং স্থান ও তারিখ উল্লেখ করে ফর্মটি সম্পন্ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে পিতা ও মাতা উভয়কেই ফর্মে স্বাক্ষর করতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন