রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:৪০ পিএম

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

ফ্যামিলি কার্ড নিয়ে সতর্কতা

জাতীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই কার্ডকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে সমাজকল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। 

মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক কর্মসূচি। এটি যথাযথভাবে বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এক্ষেত্রে ধর্ম, বর্ণ বা গোত্র অনুযায়ী কোনো বিভাজন করা হবে না। সম্পূর্ণ সরকারি উদ্যোগে এবং বিনা মূল্যে এই কার্ড সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। 

সরকারের মূল লক্ষ্য হলো এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং স্বচ্ছতার সাথে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা। কোনো নাগরিক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে আরও বলা হয়েছে, এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সাথে আর্থিক লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। 

যারা এই ধরনের অনৈতিক ও অবৈধ কাজের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। যদি কেউ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করে, তবে তাকে সাথে সাথে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। সরকারের এই জনকল্যাণমূলক কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা চেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।