শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৯:৩৮ এএম

ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

অনলাইনে মিলছে ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার সকাল থেকে আগামী ১৬ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টিকিটপ্রত্যাশীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং সার্ভারের গতি স্বাভাবিক রাখতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। এর আগে ৩, ৪ ও ৫ মার্চ যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। 

আগামী ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঘরমুখো যাত্রার টিকিট শেষ হওয়ার পর আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। ১৩ মার্চ পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট।যাত্রীরা মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন। 

টিকিট কেনার জন্য প্রথমে ওয়েবসাইটে নিজের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ ও গন্তব্য নির্বাচন করে পছন্দমতো আসন বেছে নেওয়ার সুযোগ থাকছে। ভিসা কার্ড, মাস্টারকার্ড কিংবা বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীর দেওয়া ই-মেইলে টিকিটের কপি পাঠানো হচ্ছে। যাত্রার দিন স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহের জন্য এই কপির সঙ্গে একটি পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।